খবরওয়ালা ডেস্ক : ড্রোন উড়িয়ে ইসলামপুর যৌনপল্লীতে অভিযান চালিয়ে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করলো ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। পুলিশ সুপার রাকেশ সিং জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই খবর ছিল ইসলামপুর যৌনপল্লীতে নাবালিকাদের দিয়ে বেআইনি ভাবে যৌনকর্ম করানো হচ্ছিল। সেই মোতাবেক এদিন প্ল্যান করে পুলিশ যৌনপল্লীতে অভিযান চালায়। কড়া নজরদারি রাখতে পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় ড্রোন ওড়ানো হয়। এই অভিযানে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের ইসলামপুর কোর্টে পাঠিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে। পাশাপাশি এই চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখে তাদেরকেও আগামীতে ধরা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। উদ্ধার হওয়া মহিলারা মূলত বিহার এবং আসাম রাজ্যের। বর্তমানে মহিলাদের হোমে পাঠিয়ে তাদের পরিচয় পর্যবেক্ষণ করার পর তাদের নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া ভবিষ্যতেও এই ধরণের অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার রাকেশ সিং।