Follow Us -

ইসলামপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নির্দিষ্ট, জারি একাধিক নতুন নির্দেশিকা

ইসলামপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নির্দিষ্ট, জারি একাধিক নতুন নির্দেশিকা
খবরওয়ালা ডেস্ক : ইসলামপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা সংক্রান্ত একাধিক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে। কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মে মাসের ২৯ তারিখ রোগী কল্যাণ সমিতির বৈঠকে বেসরকারি অ্যাম্বুলেন্স পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়া ও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা হাসপাতাল কর্তৃপক্ষ চলতি মাসের ১০ তারিখ অ্যাম্বুলেন্স চালক এবং মালিকদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছে।
 
সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে রোগী স্থানান্তরের জন্য ২৫০০ টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে অক্সিজেন সুবিধাসহ অ্যাম্বুলেন্স ব্যবহার করলে ভাড়া দিতে হবে ২৮০০ টাকা। এই সিদ্ধান্তের ফলে রোগীর পরিজনরা আগেভাগেই খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এবং অযৌক্তিক ভাড়া আদায়ের অভিযোগও অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে।
 
আরও জানা গিয়েছে, যদি কোনো অ্যাম্বুলেন্সের বৈধ নথি না থাকে তাহলে দ্রুত সেগুলিকে ঠিক করে তবেই অ্যাম্বুলেন্স চালানো যাবে। পরিষেবার মান বজায় রাখা এবং রোগীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।
 
পাশাপাশি হাসপাতালের সামনে বা ইমারজেন্সির আশেপাশে কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং না করার বিষয়েও নির্দেশিকা জারি হয়েছে। যার ফলস্বরূপ কয়েকদিন যাবৎ সমস্ত অ্যাম্বুলেন্স হাসপাতালে পাশে পার্কিং করা হচ্ছে।
 
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এইসব সিদ্ধান্ত বজায় রাখতে প্রশাসন এবং পুলিশের নিয়মিত নজরদারি এবং সহযোগিতার প্রয়োজন।