খবরওয়ালা ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তন হলেও খেলাধুলা নিয়ে উদাসীনতার চিত্র একই রকম থেকে গিয়েছে ইসলামপুরে। বাধাহীন ভাবে কার্যত মেলাতেই সীমাবদ্ধ থেকে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের অন্যতম খেলার মাঠ কোর্ট ময়দান। এই শহরে স্থায়ী খেলার মাঠের অভাব দীর্ঘদিনের সমস্যা। শহরের বুকে এই মাঠটিকে স্থায়ী খেলার মাঠ হিসেবে উপযোগী করে তোলার দাবি রয়েছে প্রায় সব মহলেরই।
কিন্তু এই সরকারি মাঠে ফের খেলার পরিবর্তে মেলার আয়োজন হওয়ায় ক্ষোভ বাড়ছে ক্রীড়াপ্রেমী ও স্থানীয় নাগরিকদের মধ্যে। শুধুমাত্র এবছরই নয়, প্রায় প্রতি বছরই এই মাঠে বিভিন্ন মেলা এবং রাজনৈতিক কর্মসূচি আয়োজন হয়ে আসছে। ক্রীড়াপ্রেমীরা বারংবার এর প্রতিবাদ জানিয়ে আসলেও কারোর কোনো হেলদোল বা ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ।
কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মাঠটিকে হেলিপ্যাড এবং রাজনৈতিক সভা-সমাবেশের জন্য ব্যবহার করা হয়েছিল। ভোট শেষ হতেই ফের শুরু হয়েছে প্রায় একমাস ব্যাপী মেলার আয়োজন। এমন পরিস্থিতিতে ক্রীড়া মহলের প্রশ্ন, তাহলে কি ইসলামপুরে খেলাধুলার পরিবেশের প্রয়োজন নেই? তাদের দাবি, বিনোদনের জন্য মেলার আয়োজন অন্যত্র করা যেতেই পারে, কিন্তু খেলার মাঠকে বারবার মেলা বা অন্য কাজে ব্যবহার করায় ইসলামপুরের খেলাধুলার পরিকাঠামো কার্যত ভেঙে পড়ছে।
ক্রীড়া মহলের অভিযোগ, নতুন প্রজন্ম এমনিতেই খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। যুবসমাজের একাংশ বিভিন্ন নেশার দিকে ঝুঁকে পড়ছে। এমন পরিস্থিতিতে তরুণদের মাঠমুখী করার বিষয়ে আদৌ কারও কোনো পরিকল্পনা বা প্রচেষ্টা রয়েছে কিনা, তা নিয়ে যথেষ্টই চিন্তিত ক্রীড়া মহল। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এলেও ইসলামপুরে খেলাধুলা নিয়ে উদাসীনতার চিত্র আজও একই রকম থেকে গিয়েছে বলে অভিযোগ নাগরিক সমাজের।