খবরওয়ালা ডেস্ক : পুলিশের জালে ধরা পড়লেন চোপড়ার দাপুটে তৃণমূল নেতা তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী গোপাল ভৌমিক। সোমবার ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, নেপালে পালানোর ছক কষছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই গোপাল ভৌমিকের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত এলাকায় যথেষ্ট প্রভাব খাটিয়ে চলতেন তিনি। তবে পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই তিনি পুলিশের নজরে ছিলেন। এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পানিট্যাঙ্কি এলাকা থেকে তাকে পাকড়াও করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে সরাসরি চোপড়া থানায় নিয়ে আসা হয়েছে। ঠিক কোন নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে তার এই গ্রেপ্তারিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।