Follow Us -

নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরি

নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরি

খবরওয়ালা ডেস্ক : নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরি করে গ্রেপ্তার তিন যুবক। ধৃতদের নাম তুষার রায়, দেবজ্যোতি দেব, এবং কৃষ শীল। সকলেই শিলিগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের কাজে থাকা একটি পুলিশের গাড়ি নিয়ে এই চুরির ঘটনা ঘটানো হয়। শনিবার সন্ধ্যা নাগাদ শিলিগুড়ির করাইবাড়ি মিলন মোড় এলাকার বাসিন্দা সাগর গজমের অভিযোগ জানান, একটি স্করপিও গাড়ি করে ৪ থেকে ৫ জন যুবক এসে রাস্তার ধারে থাকা প্রায় ৮ থেকে ৯ কেজি ওজনের একটি ছাগল তুলে নিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির নম্বর শনাক্ত করে। গভীর রাতে বিভিন্ন বিভাগের সহায়তায় গাড়ির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। জানা যায়, গাড়িটির মালিক গৌতম পাল। পুলিশ তার বাড়িতে গেলে তিনি অসুস্থ থাকায় গাড়ি চালান না বলে জানান তিনি। বর্তমানে তার নাতি তুষার রায় ওই গাড়ি ব্যবহার করে।

তুষার এর আগেও মোবাইল ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর পুলিশ ওই যুবকের বাঘাযতীন কলোনির বাড়িতে তল্লাশি চালিয়ে জানতে পারে, সে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এই চুরির ঘটনা ঘটিয়েছে। তুষারের জবানবন্দির ভিত্তিতে পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করে। গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।