খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ০৮ ডিসেম্বর : ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগ্যাল সেলের সদস্যপদ গ্রহণ করেই সদস্যদের নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই লক্ষ সরকারি বই উধাও হওয়ার ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানায় স্মারকলিপি জমা দেন ভিক্টর। বৃহস্পতিবার ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগেল সেলের সদস্য পদ গ্রহণ করেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। সদস্যপদ গ্রহণ করতে এদিন দুপুরে ইসলামপুর মহকুমা আদালত চত্বরে উপস্থিত হন তিনি।
সদস্যপদ গ্রহণ করার পরই লিগ্যাল সেলের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সরকারি বই উধাও হওয়ার ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানায় স্মারকলিপি জমা দেন ভিক্টর। উল্লেখ্য, ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের গুদাম থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই লক্ষ সরকারি বই উধাও হওয়ার ঘটনায় অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দীর অভিযোগের ভিত্তিতে দপ্তরের একজন অস্থায়ী কর্মী ভীম মন্ডলকে পুলিশ গ্রেফতার করে ৭ দিনের হেফাজতে নিয়েছে।
সেই অভিযুক্ত কর্মী প্রকাশ্যে অবর বিদ্যালয় পরিদর্শক সহ আরও দুই জনের নাম এই ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছেন। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কেন ওই তিনজনের মধ্যে কাউকে গ্রেফতার করেনি সেই প্রশ্ন তুলে সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে ভিক্টরের নেতৃত্বে ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকে এদিন ইসলামপুর থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। এই ঘটনায় জড়িত আসল দোষীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভিক্টর।