খবরওয়ালা ডেস্ক, চোপড়া, ১৯ জুলাই: সোমবার মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির দেহ উদ্ধার হল নদী থেকে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বালা বাড়ি এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম বিশপ তিরকি। বয়স আনুমানিক ৫০ বছর। বাড়ি চোপড়া থানার সুইগছ এলাকায়। স্হানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিশপ তিরকি নামে ওই ব্যক্তি ভেরসা নদীতে মাছ ধরতে গিয়েছিল। তারপর থেকেই ওই ব্যক্তি নিখোঁজ হয়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই ব্যক্তির মৃতদেহ নদীতে ভাসতে দেখে স্হানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।