খবরওয়ালা ডেস্ক, ১০ সেপ্টেম্বর : রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রামে গ্রামে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। সরকারি প্রকল্পের সুবিধা পেতে অথবা সরকারি নথিতে থাকা ভুল সংশোধন করতে ফর্ম ফিলাপ করে জমা দিতে হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে।
কিন্তু গ্রামের বহু মানুষ এখনও নিরক্ষর। তাই তারা নিজে থেকে ফর্ম ফিলাপ করতে পারছেন না আবার অনেকে টাকা দিয়ে ফর্ম ফিলাপ করাচ্ছেন। ফলে হয়রানির শিকার হচ্ছেন গ্রামের বহু মানুষ। তাদের এই সমস্যা সমাধান করতে এগিয়ে এলো শেরশাবাদিয়া ওয়েলফেয়ার সোসাইটি।
দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিনামূল্যে সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করে দিচ্ছেন সংস্থার সদস্যরা। বৃহস্পতিবার মাটিকুন্ডা হাই স্কুল ও শুক্রবার জগতাগাঁও হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিলাপ করতে দেখা যায় সদস্যদের।
শেরশাবাদিয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ফরিদ আলম জানান, এদিনের ক্যাম্পে সংস্থার পক্ষ থেকে দুটি টেবিল বসিয়ে মোট আট জন সদস্য প্রায় ২০০ জন সাধারণ মানুষের ফর্ম ফিলাপ করেন।