শুভজিৎ চৌধুরী, গোয়ালপোখর, ২৩ আগস্ট : লক্ষীর ভান্ডার নিয়ে তিন গর্ভবতী মহিলার দুয়ারে পৌঁছালেন ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ ও গোয়ালপোখর দুই ব্লকের বিডিও কানহাইয়া কুমার রায়। রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। আর এই দুয়ারে সরকার শিবিরে দেওয়া হচ্ছে লক্ষীর ভান্ডারের ফর্ম।
কিন্তু গোয়ালপোখর দুই গ্রাম পঞ্চায়েতর সাবিত্রী হেমরোম, মঞ্জলি মার্ডি ও সায়েদা খাতুন নামক তিন গর্ভবতী মহিলার পক্ষে লাইনে দাঁড়িয়ে সেই ফর্ম নেওয়া কোনো ভাবেই সম্ভব ছিল না। এই কথা জানতে পেরে ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ নিজেই গোয়ালপোখর দুই ব্লকের বিডিও কানহাইয়া কুমার রায়কে সাথে নিয়ে পৌঁছে যান ওই তিন গর্ভবতী মহিলার বাড়ি।
সেখানে গিয়ে তাদের লক্ষীর ভান্ডারের ফর্ম পূরণ করে, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নিয়ে আসেন তিনি। পাশাপাশি তাদের মধ্যে একজনের এসটি সার্টিফিকেট না থাকায় তার বাড়িতেই সমস্ত নথি যাচাই করে তার হাতে এসটি সার্টিফিকেট তুলে দেন মহকুমা শাসক সপ্তর্ষি নাগ।