Follow Us -

কাগজ কুড়িয়ে জীবন চলে নয় বছরের মেয়ে সুহানার

কাগজ কুড়িয়ে জীবন চলে নয় বছরের মেয়ে সুহানার

খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১৮ আগস্ট: যে কাগজে ছাপা অক্ষর জীবন গড়ে আবার সেই কাগজ কুড়িয়ে জীবন চলে নয় বছরের মেয়ে সুহানার। ছোটোতেই বাবা মা তাকে ছেড়ে দুজনেই অন্যত্র বিয়ে করে সংসার বেঁধেছে। সংসারের যাঁতাকলে পড়াশোনা আর এগোয়নি, ঠাকুমার আশ্রয়ে লালন পালন। কিন্তু তাতেও হিমশিম খান ষাটোর্ধ্ব সুহানার ঠাকুমা। কাগজ কুড়িয়ে তা বিক্রি করেই সংসার চলে, আর ঠাকুমার হাত ধরে সুহানাও রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়ায়।

কাগজগুলো গোছানোর সময় কাগজের বিভিন্ন ছবি দেখে মুচকি হাসে, কিছুটা পড়ার চেষ্টা করে। আবার কখনও খুব ভালো লাগা কার্টুনের ছবি বা পশু পাখির ছবি সে নিজের কাছেই রেখে দেয়। বাবা মা থাকতে স্টেশন বস্তির এক স্কুলে দ্বিতীয় শ্রেণী অবধি সে পড়াশোনা করেছে, কিন্তু এখন সে স্কুলছুট। তবুও পড়াশোনার ইচ্ছা প্রবল, লকডাউনের জেরে সেই ইচ্ছায় ভাঁটা পড়েছে। জীবন তো চলে না, তাও রোজ কাগজ বোঝাই বস্তা নিয়ে হাঁটতে হয় সুহানাকে।