খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ২০ জুন: ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতে ভাঙ্গন ধরল বিজেপিতে। রবিবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগারওয়ালের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক। মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য আশা রানী সিংহের নেতৃত্বে এদিন বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে জানান জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল।
তিনি আরও জানান, বিজেপি শুধু সাম্প্রদায়িকতা ও জাতপাতের রাজনীতি করে। সেই রাজনীতি মানুষ মেনে নিচ্ছে না তাই মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এদিন ইসলামপুরে জেলা সভাপতির বাসভবনে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ছাড়াও এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হরোসুন্দর সিংহ সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা।
অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ-সভাপতি জানান, তৃণমূল যেভাবে অত্যাচার করছে এবং আমরাও প্রশাসনের সহযোগিতা পাচ্ছি না। তাই আপাতত নিজেদের বাঁচানোর জন্য তারা তৃণমূলের সাহারা নিচ্ছে। কিন্তু মানুষের মনে তৃণমূল জায়গা করতে পারছে না। কানের সামনে বন্দুক ঠেকিয়ে দলে নেওয়া যেতেই পারে। নির্বাচন প্রাক্কালে যদি তারা তৃণমূলে যেত তাহলে মনে করতাম বিপজয়। এমনটা হতে থাকবে। যারা গিয়েছে তারা দেখবে আগামী কয়েক মাসের মধ্যে সেখানে বিজেপি শেষ কথা বলবে।