খবরওয়ালা ডেস্ক, গোয়ালপখোর, ১৬ মার্চ: মঙ্গলবার গোয়ালপখোর থানা এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় জখম দুই। জানা গিয়েছে, গোয়ালপোখর থানার চাঙ্গাবাড়ি এলাকায় বাইক ও সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ৭০ বছর বয়সের সিদ্দিক নামক এক বৃদ্ধ। বৃদ্ধের বাড়ি গোয়ালপখোর থানার কাশিবাড়ি এলাকায়। জানা গিয়েছে, ওই বৃদ্ধ সাইকেলে করে ধুলাবারি থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন।
সেই সময় একটি বাইক পেছন দিক থেকে তার সাইকেলে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হন ওই বৃদ্ধ। চিকিৎসার জন্য প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখান থেকে নিয়ে আসা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়।
অন্যদিকে মঙ্গলবার গোয়ালপোখর থানার দক্ষিণ সাহাপুর এলাকায় গভীর রাতে মাল বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়ক থেকে প্রায় ৫০ মিটার দূরে গিয়ে একটি পিলারে ধাক্কা মারলে গুরুতর জখম হন সেই পিকআপভ্যানের চালক। দুর্ঘটনার আওয়াজ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় গোয়ালপখোর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালক এবং খালাসীকে উদ্ধার করে লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনা দুটির তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।