খবরওয়ালা ডেস্ক, ইসলামপুর, ১২ মার্চ: ফের ইসলামপুর থানার সোনাখোদা এলাকায় বাইপাসের উপর লরি দুর্ঘটনা। দুর্ঘটনায় আহত হয় লরির চালক। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার সোনাখোদা এলাকায় বাইপাসের উপর একটি বালি বোঝাই লরির চাকা খারাপ হয়ে যাওয়ার ফলে লরিটি সেখানেই দাঁড়িয়ে ছিল।
অন্য একটি লরি এসে দাঁড়িয়ে থাকা সেই লরির পেছনে ধাক্কা মারে। লরি দুটি শ্রীকৃষ্ণপুরের দিক থেকে বাইপাস ধরে অলিগঞ্জের দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় পেছন দিক থেকে ধাক্কা মারা লরির চালক আহত হয়। আহত লরি চালক রূপেস মাহাতো জানায়, সে লরি নিয়ে শিলিগুড়ির ফুলবাড়ী থেকে কলকাতায় যাচ্ছিল।
সেই সময় ইসলামপুর বাইপাসের উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা লাগে। ঘটনায় তার পা, হাটু ও পেটে আঘাত লেগেছে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।