নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ১৬ ডিসেম্বর : চোপড়া থানার সোনাপুরের ফ্লাইওভারে বাইক এবং ট্রাক্টরের ধাক্কায় মৃত বাইক চালক এবং আহত অপর দুই বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর তিনটে নাগাদ আজিজ আহমেদ এবং তার দুই সাথী ইসলামপুর থেকে ধুমডাঙ্গীতে যাচ্ছিল। যাওয়ার পথে চোপড়া থানার সোনাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্লাইওভারের উপর ট্রাক্টরের সঙ্গে বাইকের ধাক্কায় তারা জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাদের চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। জানা যায় মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় বাইক চালক আজিজ আহমেদের মৃত্যু হয় । অপর ২ বাইক আরোহীকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়। দূর্ঘটনায় মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া ধুমডাঙ্গী বাজার এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।